শনিবার, ৩ অক্টোবর ২০২৬

ধারালো ছুরি উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়লেন আনসার সদস্য

সাহসিকতায় আটক মাদক ব্যবসায় অভিযুক্ত

হাতে ধারালো ছুরি। যেকোনো মুহূর্তে ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা। এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও পিছিয়ে যাননি কর্তব্যরত আনসার সদস্য রাশেদুল ইসলাম। নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরে নিয়ন্ত্রণে আনেন মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে।

শুক্রবার (২ অক্টোবর) হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য রাশেদুল ইসলাম। এ সময় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে আটকের উদ্যোগ নেওয়া হয়।

কিন্তু ওই ব্যক্তির হাতে ছিল ধারালো ছুরি। ফলে মুহূর্তেই পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অস্ত্র হাতে থাকায় তাকে আটক করতে গিয়ে হতাহতের আশঙ্কাও ছিল।

এ অবস্থায় রাশেদুল ইসলাম দ্রুত পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন। সামনে থেকে না গিয়ে কৌশলে পেছন থেকে এগিয়ে গিয়ে ওই ব্যক্তিকে জাপটে ধরেন। পরে তাকে নিয়ন্ত্রণে এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ঝুঁকির মুখেও দায়িত্ব থেকে পিছিয়ে না গিয়ে একজন অস্ত্রধারী ব্যক্তিকে নিয়ন্ত্রণে নেওয়ায় রাশেদুল ইসলামের সাহসিকতা, উপস্থিত বুদ্ধি ও কর্তব্যনিষ্ঠার প্রশংসা করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীটির ভাষ্য, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। বাহুবলের এ ঘটনায় রাশেদুল ইসলামের তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ দায়িত্ব পালনে আনসার সদস্যদের ভূমিকার একটি দৃষ্টান্ত।

তবে আটক ব্যক্তির নাম-পরিচয়, তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়েছে কি না এবং এ ঘটনায় মামলা বা পরবর্তী আইনি পদক্ষেপের বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন