২৭ সেপ্টেম্বর, ২০২৬
দক্ষিণ আফ্রিকার মাটিতে অস্ট্রেলিয়ার শেষ টেস্ট সিরিজের স্মৃতি এখনও ক্রিকেটপ্রেমীদের মনে স্পষ্ট। ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কাণ্ডের পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই আসন্ন সিরিজ ঘিরে পুরোনো সেই ঘটনা আবারও আলোচনায় এসেছে।
বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। এরপর ৯ অক্টোবর ডারবানে শুরু হবে দুই দলের তিন ম্যাচের টেস্ট সিরিজ। পরের দুটি ম্যাচ হবে গেবেখা ও কেপটাউনে। বিশেষ করে কেপটাউনের নিউল্যান্ডসে ফিরেই ২০১৮ সালের সেই বিতর্কিত অধ্যায়ের স্মৃতি নতুন করে সামনে আসবে।
সেই ঘটনার পর অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট শাস্তির মুখে পড়েছিলেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটের সংস্কৃতি ও দলীয় আচরণ নিয়েও পরে বড় ধরনের পর্যালোচনা হয়।
এবারের সফরে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের দক্ষিণ আফ্রিকার দর্শকরা কীভাবে গ্রহণ করবেন, তা নিয়ে নিশ্চিত নন স্বাগতিক দলের ব্যাটসম্যান এইডেন মার্করাম। তবে তার প্রত্যাশা, আট বছর আগের ঘটনা পেছনে ফেলে দর্শকরা ক্রিকেটকেই প্রাধান্য দেবেন।
মার্করামের মতে, ২০১৮ সালের ঘটনা এখনও অনেকের মনে থাকতে পারে। আবার সময়ের সঙ্গে অনেকেই সেই অধ্যায় থেকে বেরিয়ে এসেছেন। তাই দর্শকদের কাছ থেকে অসম্মানজনক আচরণের বদলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ক্রিকেট দেখার পরিবেশ তৈরি হবে বলেই আশা করছেন তিনি।
দুই দলের লড়াইয়ে বাড়তি উত্তেজনা যোগ করছে গত বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে আসন্ন সিরিজে মাঠের লড়াই নিয়ে আগ্রহ আরও বেড়েছে।
আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুই দলের খেলোয়াড়দের নিয়মিত সতীর্থ হওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন মার্করাম। আইপিএলের মতো টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটারের সঙ্গে সময় কাটালেও জাতীয় দলের হয়ে মাঠে নামলে সেই বন্ধুত্বের কোনো প্রভাব থাকবে না বলে মনে করেন তিনি।

