রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গুয়ার হাওরে ৮০ হাজার টাকার অবৈধ কোনা জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ৫০০ হাত দীর্ঘ একটি অবৈধ কোনা জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে অঙ্গীভূত আনসার সদস্যরা।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তাহিরপুর গোলাবাড়ি আনসার ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য মো. শাকিরুল্লাহর নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ৫০০ হাত দীর্ঘ জালটি জব্দ করা হয়।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জব্দ করা জালটি পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আনসার ও ভিডিপি সূত্র জানায়, টাঙ্গুয়ার হাওরের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মাছ শিকার প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে অবৈধ জাল জব্দ ও ধ্বংসের এ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে আনসার সদস্য মো. শাকিরুল্লাহ, মো. আব্দুল লতিফ, মো. রবিউল ইসলাম ও মো. আলিক মিয়া দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার প্রতিরোধ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ পরিবেশ রক্ষায় আনসার সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে।

জনস্বার্থ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন