ফরিদপুরের ভাঙ্গায় অটোবাইক চুরির ঘটনায় মো. শফিকুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)। এ সময় তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া একটি অটোবাইক উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার হামিরদী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হামিরদী ইউনিয়নের ভিডিপি দলনেতা ইকবাল শেখ অটোবাইক চুরির সঙ্গে জড়িত একটি চক্রের তৎপরতার বিষয়ে জানতে পারেন। পরে উপজেলা প্রশিক্ষক নুরুজ্জামান টিপুর মাধ্যমে ফরিদপুর জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় ভিডিপি সদস্য শান্তসহ একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই একটি চুরি হওয়া অটোবাইক উদ্ধার করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার করা অটোবাইকটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক শফিকুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এদিকে অটোবাইক চুরির ঘটনায় একজনকে আটকের পর স্থানীয় চালক ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

