রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান, বিমানবন্দরে ৯৮ হাজার সৌদি রিয়ালসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন কর্তব্যরত এক আনসার সদস্য। তার তৎপরতায় ৯৮ হাজার সৌদি রিয়ালসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া রিয়ালের বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য ৩২ লাখ ৩৪ হাজার টাকা।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে বিমানবন্দরের হেভি লাগেজের ৪ নম্বর গেটে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা যায়, হেভি লাগেজের ৪ নম্বর গেটে প্রবেশের সময় দুবাইগামী যাত্রী মোহাম্মদ হালিমের গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তব্যরত আনসার সদস্য পিসি মো. নিজাম উদ্দিনের। এ সময় বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য ওই যাত্রী তাকে টাকা দেওয়ার প্রস্তাব দেন।

তবে দায়িত্বের প্রতি অবিচল থেকে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করেন পিসি মো. নিজাম উদ্দিন। একই সঙ্গে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে শিফটে দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে জানান।

খবর পেয়ে উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পিসি মো. আলমগীর হোসেন ও আনসার সদস্য চঞ্চল সাদেক রানাকে সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই যাত্রীর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৮ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।

পরবর্তীতে শিফট ইনচার্জ আটক যাত্রী ও উদ্ধার হওয়া রিয়াল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

আটক মোহাম্মদ হালিম কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জজ মিয়া।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় দায়িত্ব পালনকালে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে আনসার সদস্যের তাৎক্ষণিক পদক্ষেপ বাহিনীর সততা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার দৃষ্টান্ত। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন