অনুসরণ করুন:
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে অপরাধবিরোধী অভিযানে গ্রেফতার ৫২৭, মামলা ৫৫

রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএমপির বিভিন্ন বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫২ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৯ জন, মিরপুর বিভাগ থেকে ১৪৬ জন, গুলশান বিভাগ থেকে ৪১ জন, উত্তরা বিভাগ থেকে ৪৫ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, বিস্ফোরকসদৃশ আলামত, দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, সাতটি টিনের টুকরা, ১০ টুকরা কসটেপ, ১০৪টি পেরেক এবং একটি বিস্ফোরিত ককটেলের টিনের অংশবিশেষ।

এ ছাড়া অভিযানে ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫টি ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও উদ্ধার করেছে একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাচি, একটি কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইট, একটি নাইলনের রশি, ১৪টি মোবাইল ফোন এবং ইয়াবা তৈরির দুটি মেশিন।

উদ্ধার করা অন্যান্য আলামতের মধ্যে রয়েছে ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন ধরনের কেমিক্যাল, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল এবং ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম। এ সময় দুজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন