নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে টহল দেওয়ার সময় অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, ডিউটিরত পিসি মো. ইলিয়াছ খানের নেতৃত্বে আনসার সদস্যরা হাসপাতাল প্রাঙ্গণে টহল দিচ্ছিলেন। এ সময় হাসপাতালের পেছনের অংশে পড়ে থাকা একটি ধারালো লম্বা চেনি ও দুটি হাতকুড়াল দেখতে পান তারা। পরে অস্ত্রগুলো উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ উদ্ধার হওয়া অস্ত্রগুলো বেগমগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় অস্ত্রগুলোর মালিকানা ও হাসপাতাল প্রাঙ্গণে এগুলো ফেলে রাখার কারণ খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় তাদের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এরই অংশ হিসেবে নিয়মিত টহলের সময় এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।

