শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে আনসারের তৎপরতায় ছিনতাইকারী আটক, উদ্ধার মোবাইল ফোন ও ধারালো ছুরি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় দেশীয় ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত একটি সচল মোবাইল ফোন ও অপরাধে ব্যবহৃত একটি ধারালো দেশীয় ছুরি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সোনারগাঁও এলাকার সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ঘটনার সময় কার্যালয়ের প্রধান ফটকে কর্তব্যরত আনসার সদস্যরা দেখতে পান, উত্তেজিত জনতা এক ছিনতাইকারীকে ধাওয়া করছে। একপর্যায়ে ওই যুবক কার্যালয়ের গেটের সামনে পৌঁছালে আনসার সদস্যরা তাকে আটক করেন।

পিসি মাসুদ মিয়ার নেতৃত্বে এপিসি সাইদুর রহমান, আনসার সদস্য মতিলাল ও লাইস মিয়া সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে যুবকটিকে আটক করেন।

আটক যুবকের নাম মো. এমদাদুল হক (১৯)। পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে একটি সচল মোবাইল ফোন ও একটি ধারালো দেশীয় ছুরি উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনটি ছিনতাইয়ের মাধ্যমে নেওয়া হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উদ্ধার করা আলামতসহ আটক যুবককে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সংকটাপন্ন মুহূর্তে আনসার সদস্যদের দায়িত্বশীল ও সাহসী ভূমিকা স্থানীয় জনসাধারণ ও পুলিশ কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেছে।

ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা সোনারগাঁও থানা পুলিশ গ্রহণ করছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন