রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইন্ট্রামেক্সে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, আনসারের হাতে যুবক আটক

গাজীপুর সদর উপজেলার ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে মো. মোকলেস (২২) নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে কাটা তামার বৈদ্যুতিক তার ও তার কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে প্রতিষ্ঠানের ভেতরে এ ঘটনা ঘটে।

আনসার ও ভিডিপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডের নিরাপত্তা ইনচার্জ রাজীব বাবু প্রতিষ্ঠানের ভেতরে সন্দেহজনক এক ব্যক্তির উপস্থিতির বিষয়টি কর্তব্যরত আনসার পিসি মো. মামুন গাজীকে জানান। খবর পেয়ে তিনি এপিসি আনাম হোসেনসহ দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভবনের ভেতরে তল্লাশি শুরু করেন।

তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন ওই যুবককে দেখতে পেয়ে আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোকলেস জানান, ভবনের পেছনের অংশের গ্রিল কেটে তিনি ভেতরে প্রবেশ করেন।

পরে প্রতিষ্ঠানের মালিকপক্ষের উপস্থিতিতে ভবনের পেছনে গিয়ে গ্রিল কাটা অবস্থায় দেখতে পাওয়া যায়। ভবনের ভেতর থেকে আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা মূল্যের তামার মোটা বৈদ্যুতিক তার কাটা অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার কাটার একটি যন্ত্রও উদ্ধার করা হয়।

আটক মোকলেসের বাড়ি হবিগঞ্জ জেলায়। ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে জানানো হয়। পরে জয়দেবপুর থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন