শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁজুড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫

নওগাঁজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন মাদক কারবারিসহ মাদকসংশ্লিষ্ট মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। অভিযানে ৬১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০টি ইয়াবা এবং পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

নওগাঁ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানে ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মান্দা থানা পুলিশের অভিযানে ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০টি ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

পোরশা থানা এলাকায় পরিচালিত অভিযানে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এদিকে নিয়ামতপুর থানা পুলিশের অভিযানে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পত্নীতলা থানায় পৃথক দুটি অভিযানে ৩৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। একই এলাকায় আরও পাঁচজন মাদকসেবীকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশের দেওয়া পৃথক অভিযানের হিসাব অনুযায়ী, মোট ৬১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁর পুরো জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের কার্যক্রমে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান পুলিশ সুপার।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন