শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শনিবার শুরু হচ্ছে তিন মাসব্যাপী দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’

শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুর বিস্তার রোধ এবং দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে তিন মাস ধরে এ কর্মসূচি পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে জনস্বার্থে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির মধ্যে সরকার এ দেশব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে। মশাবাহিত রোগটির বিস্তার নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন