শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

দুই শিক্ষাপ্রতিষ্ঠানে বাস দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাহফুজের পড়াশোনার দায়িত্বও নিলেন

বগুড়া প্রতিনিধি

শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বগুড়ার শিবগঞ্জের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি স্কুল বাস প্রদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। একই দিনে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মাহফুজের জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করার পাশাপাশি তার পড়াশোনার ব্যয় বহনের দায়িত্বও নিয়েছেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের কাছে আনুষ্ঠানিকভাবে বাস দুটি হস্তান্তর করেন প্রতিমন্ত্রী।

এ সময় মীর শাহে আলম বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা তাদের দায়িত্ব। শিক্ষার পরিবেশ আরও সহজ ও সুন্দর করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত শাসনামলে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পৌঁছেছিল। সেই পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করছে। দেশের বিদ্যমান সংকটগুলো কাটিয়ে উঠতেও সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

প্রতিকূলতা জয় করা মাহফুজের পাশে প্রতিমন্ত্রী

বাস হস্তান্তর অনুষ্ঠান শেষে ঘটে এক মানবিক ঘটনা। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী মাহফুজের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পঞ্চম শ্রেণিতে পড়ার সময় একটি দুর্ঘটনায় এক পা হারায় মাহফুজ। তবে শারীরিক প্রতিবন্ধকতা তার শিক্ষাজীবন থামাতে পারেনি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সে।

সাক্ষাৎকালে মাহফুজের কাছ থেকে তার পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা শোনেন প্রতিমন্ত্রী। তার শারীরিক অসুবিধার কথা জানার পর নিজ তহবিল থেকে একটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেন মীর শাহে আলম।

একই সঙ্গে মাহফুজের ভবিষ্যৎ পড়াশোনার সব খরচ বহনের দায়িত্ব নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।

শারীরিক সীমাবদ্ধতার মধ্যেও মাহফুজের এই শিক্ষাগত অর্জন এবং তার উচ্চশিক্ষার পথ সহজ করতে প্রতিমন্ত্রীর সহায়তার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিতদের নজর কাড়ে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন