মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া আলী আকবর মন্ডল (৬৭) নামে এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন আলী আকবর মন্ডল। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. জহিরুল ইসলাম জানান, কেন্দ্রীয় কারাগারে আলী আকবর মন্ডল অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আলী আকবর মন্ডল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ৪০৪৭৬/২৩। তার গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী এলাকায়। তিনি ওই এলাকার মৃত হামিদ মন্ডলের ছেলে। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন