রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগী ভাগানোর সময় দালাল আটক

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগীদের উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক দালালকে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পশ্চিম জোনের আওতাধীন শেরে বাংলা নগর থানার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

আনসার সূত্রে জানা যায়, হাসপাতালের দ্বিতীয় তলার সিসিইউ-২ (CCU-2) থেকে ভর্তি রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল একটি দালাল চক্রের সদস্যরা। বিষয়টি নজরে আসার পর ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হকের নেতৃত্বে আনসার সদস্যরা অভিযান পরিচালনা করেন।

এ সময় কর্তব্যরত আনসার সদস্য অনিক বসু দালাল চক্রের সক্রিয় সদস্য মো. সোহাগ হোসেনকে (২০) হাতেনাতে আটক করেন। অভিযানে আনসার সদস্য মো. রুবেল হোসেন ও সাইফুল ইসলাম দায়িত্ব পালন করেন।

আটক সোহাগ হোসেন মো. হীরা আলীর ছেলে। তার স্থায়ী ঠিকানা ঢাকার মোহাম্মদপুর থানার চাঁদের হাট মাঠ এলাকায়। বর্তমানে তিনি মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় বসবাস করেন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আটক সোহাগ হোসেনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরে বাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দালালচক্রের প্রতারণা থেকে সুরক্ষায় আনসার সদস্যদের এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান রোগী-স্বজনদের হয়রানি ও প্রতারণা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন