শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারাবো উত্তরপাড়া এলাকার ঝর্ণা মহলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাজমুল হোসেন (৩০), মো. নিহাল (২১), মো. সাজ্জাদ (২০) ও সফিকুল (২৪)। তারা সবাই রূপগঞ্জের তারাবো এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে থানার একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নাজমুল হোসেন ও মো. নিহাল আপন ভাই। তাদের বাবার নাম নবী হোসেন। গ্রেপ্তার অপর দুজনের মধ্যে মো. সাজ্জাদের বাবার নাম আব্দুর রহিম এবং সফিকুলের বাবার নাম শহিদুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন