শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

ডেমরায় অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যুবক আটক

রাজধানীর ডেমরায় মোবাইল ফোনে ডেকে নিয়ে দেলোয়ার হোসেন দেলু (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কামারগোপ এলাকার একটি জমি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ রনি (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে নিহতের পরিবার।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, শুক্রবার সকাল ৭টার দিকে খবর পেয়ে কামারগোপ এলাকার মো. কাজী কামালের একটি জমির ভেতর থেকে দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কোনো ভোঁতা বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের মেয়ে লামিয়া আক্তারের দাবি, বৃহস্পতিবার রাত ১২টার দিকে স্থানীয় রনি মোবাইল ফোনে তার বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে ইট ও বাঁশের লাঠি দিয়ে মারধর করে হত্যা করা হয়েছে বলে তারা জানতে পারেন।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিহতের পরিবার নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। তবে লামিয়া দাবি করেন, রনি মাদকাসক্ত এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে তারা শুনেছেন।

নিহতের পরিবারের ভাষ্য, ঘটনার পর রনিকে পুলিশ আটক করেছে এবং তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচিতজন, ঘটনাস্থলের পরিস্থিতি ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন