শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কদমতলীতে দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর কদমতলীতে দুই ছিনতাইকারীর মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) ভোরে নামাশ্যামপুরের বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জিন্নাত জানান, ভোর ৪টার দিকে নামাশ্যামপুর বড়ইতলা এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই জিন্নাত জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। ভোরের দিকে দুই ছিনতাইকারীর মধ্যে দ্বন্দ্বের একপর্যায়ে অপর একজন তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় জানার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন