শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

শাহ আলীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

রাজধানীর শাহ আলী এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির মায়ের দায়ের করা মামলার পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়।

শাহ আলী থানা পুলিশের তথ্য অনুযায়ী, অভিযোগে বলা হয়েছে—বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পরবর্তী সময়ে শিশুটি অসুস্থ বোধ করলে তার মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা শিশুটিকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরে শিশুটির কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পেরে তার মা বৃহস্পতিবার শাহ আলী থানায় অভিযোগ করেন। অভিযোগে পাশের বাসার ভাড়াটিয়া সুমনের বিরুদ্ধে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণের অভিযোগ আনা হয়।

পুলিশ জানায়, এজাহার পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করা হয়। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে শাহ আলী থানা পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন