কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় দুটি লম্বা বন্দুকসহ চিহ্নিত দুই জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার রাতে কুতুবজোম উপকূল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা অন্য তিন থেকে চারজন পালিয়ে যান।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন।
আটক ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. নুরুল আমিন (৫০) এবং ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাশ দে ওরফে বাবু (৪৫)। কোস্ট গার্ডের দাবি, তাঁরা চিহ্নিত ডাকাতদলের সদস্য। ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
যেভাবে আটক করা হয়
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন বলেন, শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে মহেশখালীর কুতুবজোম উপকূল এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজনের জড়ো হওয়ার খবর পায় কোস্ট গার্ড।
খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে চার থেকে পাঁচজন সন্দেহভাজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে দুজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান।
গোপন আস্তানা থেকে বন্দুক উদ্ধার
কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার জানান, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতদলের গোপন আস্তানায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে দেশীয় তৈরি দুটি লম্বা বন্দুক উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা চিহ্নিত ডাকাতদলের সক্রিয় সদস্য। ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

