সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের খবরে ফতুল্লায় পোশাকশ্রমিকদের কর্মবিরতি

মেট্রো গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করছেন; নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০ কারখানায় উৎপাদন স্বাভাবিক বলে জানিয়েছে শিল্প পুলিশ

ঢাকায় মজুরি বোর্ডের বৈঠক স্থগিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জের ফতুল্লায় কর্মবিরতি পালন করছেন তৈরি পোশাকশ্রমিকেরা। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টা থেকে রামারবাগ এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছেন বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক বলেন, নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সার্বিক পরিবেশ স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।

তিনি বলেন, ফতুল্লার কাঠেরপুল এলাকার মেট্রো নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকেরা কর্মবিরতিতে রয়েছেন। তাঁরা কারখানার ভেতরেই অবস্থান করছেন।

বৈঠক স্থগিতের খবর শুনে কাজ বন্ধ

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, সকালে অন্যান্য দিনের মতোই কারখানায় কাজ চলছিল। তবে মজুরি বোর্ডের বৈঠক স্থগিত হওয়ার খবর শোনার পর শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকেন। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার

গত সপ্তাহে শ্রমিক বিক্ষোভের ঘটনার পর নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাত প্লাটুন বিজিবি, আনসার ব্যাটালিয়ন, এসআরবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল বাড়ানো হয়েছে।

সোমবার সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানায় শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। অন্যান্য দিনের মতোই সকালে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত জেলার কোনো পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।

১ হাজার ৬৮০ কারখানায় উৎপাদন স্বাভাবিক

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় সামগ্রিকভাবে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিক ও শ্রমিকদের আন্তরিকতা এবং সহযোগিতার কারণে এ পরিস্থিতি বজায় রাখা সম্ভব হচ্ছে।

বর্তমানে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।

শহরজুড়ে নিরাপত্তা জোরদার

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পোশাকশিল্পে কিছুটা অস্থিরতার কারণে পুরো শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি, পুলিশ, আনসার ও এসআরবির সদস্যরা মাঠে কাজ করছেন।

সাইনবোর্ড থেকে বিসিক, সিদ্ধিরগঞ্জ ইপিজেড, সোনারগাঁ, তারাবো হয়ে ভুলতা-গাউছিয়া পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কোথাও শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটলে তা শনাক্ত করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন