সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সোমবার সকালে একই এলাকায় অবস্থান করছিল।
গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ঢাকার আবহাওয়া
ঢাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সোমবার সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৫ মিনিটে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

