মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার খোঁজ নিতে কন্টিনেন্টাল হাসপাতালে ডা. বিটু

তারেক রহমানের নির্দেশনায় কন্টিনেন্টাল হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু; মন্ত্রীর কাছে পৌঁছে দেন প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে গিয়ে স্বাস্থমন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এ সময় মন্ত্রীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে উপস্থিত হয়ে ডা. বিটু স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি মন্ত্রীর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

হৃদ্‌যন্ত্রে দুটি স্টেন্ট স্থাপন

এর আগে রোববার স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। পরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

এর আগের দিন সকালে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে এনজিওগ্রাম করা হলে চিকিৎসকেরা তাঁর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে দুটি ব্লক শনাক্ত করেন। পরবর্তী সময়ে প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে দুটি স্টেন্ট স্থাপন করা হয়।

এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন