সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জেনসেন হুয়াংকে এনভিডিয়ার সিইও পদে ফেরানোর দাবিতে পিটিশনে ১ লাখ ৮ হাজার স্বাক্ষর

ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের সমর্থন; শনিবার বিকেল পর্যন্ত স্বাক্ষর ১ লাখ ৮ হাজার ছাড়িয়েছে

এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আবারও ওই পদে ফিরিয়ে আনার দাবিতে চালু করা অনলাইন পিটিশনে শনিবার বিকেল পর্যন্ত ১ লাখ ৮ হাজারের বেশি স্বাক্ষর জমা পড়েছে। স্বাক্ষরকারীদের তালিকায় রয়েছেন ইলন মাস্ক ও রেপ্লিটের সিইও আমজাদ মাসাদের মতো প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিরা। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পিটিশনটির পক্ষে প্রচারও চালিয়েছেন।

‘স্ট্যান্ড উইথ জেনসেন’ নামের এই প্রচারণার ওয়েবসাইটে বলা হয়েছে, স্বাক্ষরকারীদের মধ্যে ৫৮ হাজারের বেশি শেয়ারহোল্ডার, এনভিডিয়ার ৫ হাজার ৬০০-র বেশি বর্তমান কর্মী এবং ১ হাজারের বেশি সাবেক কর্মী রয়েছেন।

তবে স্বাক্ষরকারীদের তালিকায় ‘হলিউড অভিনেতা টিম ক্রুজ’ এবং চীনা প্রেসিডেন্টের নামের সম্ভাব্য ভুল বানান ‘শি জিংপিং’-এর মতো ভুয়া নামও পাওয়া গেছে। শনিবার এক্সে দেওয়া এক পোস্টে আয়োজকেরা জানান, তালিকা থেকে ভুয়া স্বাক্ষরগুলো সরিয়ে ফেলতে তাঁরা কাজ করছেন।

এনভিডিয়ার কর্মীদের মধ্যেও সমর্থন

পিটিশনে স্বাক্ষর করা এনভিডিয়ার এক কর্মী জানিয়েছেন, প্রতিষ্ঠানের ভেতরেও হুয়াংয়ের পক্ষে একই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কর্মীদের প্রশ্ন ও পরামর্শ জানানোর জন্য এনভিডিয়ার একটি অভ্যন্তরীণ পোর্টাল রয়েছে। সেখানে হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যার্ডের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত ওই পোস্টে ১ হাজার ৬০০টি মন্তব্য জমা পড়েছিল। তবে সংশ্লিষ্ট কর্মীর দাবি, বর্তমানে মন্তব্যের সংখ্যা দ্বিগুণেরও বেশি।

পদত্যাগের পেছনে ব্যক্তিগত সম্পর্ক ও তদন্ত

চলতি সপ্তাহের শুরুতে কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে জেনসেন হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন। এর পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানায়, হুয়াং কোনো ‘বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু’ হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। কয়েক দিন পর এনভিডিয়ার আরেক নির্বাহীর সঙ্গে তাঁর আরও একটি সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। এর পরই তিনি সিইও পদ থেকে পদত্যাগ করেন।

স্থায়ী উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত অক্টোবরে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ গড়ে উঠেছিল। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়, অ্যালিস চীনা সরকারের গুপ্তচর হতে পারেন। তবে চীন এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে বৃহস্পতিবার মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, অ্যালিস হুয়াং গুপ্তচর ছিলেন কি না, সে বিষয়ে বিচার বিভাগ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

পর্ষদের কাছে খোলা চিঠি

‘স্ট্যান্ড উইথ জেনসেন’ প্রচারণার আয়োজকেরা এনভিডিয়ার পরিচালনা পর্ষদের উদ্দেশে ওয়েবসাইটে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। এতে তাঁরা অভিযোগ করেন, কোনো তদন্ত বা যথাযথ আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করেই হুয়াংকে সরিয়ে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘গুপ্তচরবৃত্তির অভিযোগের সপক্ষে আমাদের কোনো প্রমাণ দেখানো হয়নি। এনভিডিয়ার পেছনে ৩৩ বছর ধরে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার পর জেনসেন ন্যায্য প্রক্রিয়ার দাবিদার।’

আয়োজকদের দাবি, তদন্ত চলাকালে হুয়াংকে সিইও পদে বহাল রাখা হোক। তাঁরা তদন্তের পরিধি ও সময়সীমা প্রকাশ, হুয়াংকে আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ দেওয়া এবং তাঁকে সরিয়ে দেওয়া এনভিডিয়ার জন্য কেন মঙ্গলজনক—তার স্পষ্ট ও তথ্যপ্রমাণভিত্তিক ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, এই প্রচারণা গুপ্তচরবৃত্তির অভিযোগকে প্রমাণিত সত্য হিসেবে বিবেচনা করছে না, আবার তদন্তের ফলাফল সম্পর্কেও আগাম কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছে না।

পিটিশনে বুম সুপারসনিকের সিইও ব্লেক শল এবং ওয়াই কম্বিনেটরের সিইও গ্যারি ট্যানের মতো প্রভাবশালী ব্যক্তিরাও স্বাক্ষর করেছেন। ওয়েবসাইটের মন্তব্যের ঘরে নিজেকে এনভিডিয়ার প্রকৌশলী হিসেবে পরিচয় দেওয়া এক স্বাক্ষরকারী হুয়াংকে কোম্পানির ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে উল্লেখ করেছেন।

ওই প্রকৌশলী লিখেছেন, ‘তার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। তবে তার কোনো কাজে আমাদের আচরণবিধি লঙ্ঘিত হয়ে থাকলে সেটির ব্যবস্থা নেওয়া উচিত। দয়া করে তাকে ফিরিয়ে আনুন এবং এনভিডিয়া ও বৃহত্তর প্রযুক্তি খাতে তার অতীত অবদান ও গুরুত্ব বিবেচনায় নিয়ে ন্যায্য আচরণ করুন।’

বিনিয়োগকারীদেরও ধীরস্থির সিদ্ধান্তের আহ্বান

এদিকে এনভিডিয়ার দুই প্রভাবশালী বিনিয়োগকারী শুক্রবার পরিচালনা পর্ষদকে পৃথক চিঠি দিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে ‘সুচিন্তিত ও ধীর’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, প্রয়োজনে হুয়াংকে সিইও পদে ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনায় রাখা উচিত।

অ্যাল্টিমিটার ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও ব্র্যাড গার্স্টনার এবং অ্যাট্রিডিস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা অংশীদার গ্যাভিন বার্কার চিঠিতে লিখেছেন, ‘আমরা মনে করি, অংশীজনদের সর্বোত্তম স্বার্থ ক্ষুণ্ন ও ব্যাহত করে—এমনভাবে তড়িঘড়ি করে জেনসেনের বিকল্প খোঁজা পর্ষদের উচিত হবে না।’

এক বিবৃতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, কোম্পানির সহপ্রতিষ্ঠাতা এবং তিন দশকের বেশি সময় ধরে সিইওর দায়িত্ব পালন করা হুয়াংয়ের উত্তরসূরি খুঁজতে প্রতিষ্ঠানের ভেতরের ও বাইরের প্রার্থীদের বিবেচনা করা হচ্ছে। পর্ষদ এখনো নতুন কোনো সিইওর নাম ঘোষণা করেনি। তবে বিশ্লেষক ও বিনিয়োগকারীদের মধ্যে সম্ভাব্য উত্তরসূরিদের নিয়ে আলোচনা শুরু হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন