পারমাণবিক অস্ত্রের মজুত কমানো ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আলোচনা হবে
চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে আগামী ১৯ নভেম্বর ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার রাশিয়া এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করল রাশিয়া
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ১৯ নভেম্বর প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট সি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে সমঝোতা হয়েছে। এপেক সম্মেলনের ফাঁকে চীনের শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে ওয়াশিংটনের পক্ষ থেকেও এ আলোচনার কথা জানানো হয়েছিল। বৈঠকটি অনুষ্ঠিত হলে তিন দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এটিই হবে প্রথম সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক।
তবে চীন এখনো বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
আলোচনায় থাকবে যেসব বিষয়
শুক্রবার হোয়াইট হাউসের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে তিন নেতা বৈঠকে বসবেন।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, বৈঠকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়েও কথা বলবেন নেতারা।
তবে ইউক্রেন যুদ্ধ আলোচনার এজেন্ডায় থাকছে না বলে জানিয়েছে হোয়াইট হাউস।

