রোববার ২১০০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৯৪০০; সোমবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকার জেরে সৃষ্ট উড়োজাহাজ জট তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল রোববারও। এদিন দেশটিতে আরও অন্তত ১১ হাজার ৫০০টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। তবে সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।
তৃতীয় দিনেও ফ্লাইট বিপর্যয়
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববার যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২ হাজার ১০০টি ফ্লাইট বাতিল এবং ৯ হাজার ৪০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
এর আগে শনিবার এয়ারলাইনসগুলো প্রায় ৬ হাজার ৭০০টি ফ্লাইট বাতিল করে। বিলম্বিত হয় ৯ হাজার ১০০টিরও বেশি ফ্লাইট।
শুক্রবার ‘নিয়মিত রক্ষণাবেক্ষণকাজের ত্রুটির কারণে’ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ দেয়। এতে প্রায় পাঁচ ঘণ্টা অধিকাংশ উড়োজাহাজের যাত্রা স্থগিত ছিল। এরপর দেশজুড়ে যে বিশৃঙ্খলা ও ফ্লাইট জট তৈরি হয়, তা তিন দিনেও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
সোমবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা
সোমবার পরিস্থিতির অনেকটা উন্নতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, রোববার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিট পর্যন্ত সোমবারের সূচিতে থাকা ৮৮টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। আগের দিন শনিবার রাতে রোববারের সূচিতে থাকা বাতিল ফ্লাইটের সংখ্যা ছিল ৮৭৫টির বেশি।
পরিবহনমন্ত্রী শন ডাফি এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, ফ্লাইট চলাচল রোববারের মধ্যে ‘স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে’। তবে পুরোপুরি স্বাভাবিক হতে সম্ভবত সোমবার পর্যন্ত সময় লাগবে।
তিনি জানান, এ ঘটনায় সাইবার হামলা বা এ ধরনের কোনো ক্ষতিকর অভিপ্রায়ের প্রমাণ পাওয়া যায়নি। তবে সমস্যার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। যাত্রীদের নিরাপত্তাকে এফএএ সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
রাউটার পরিবর্তন থেকে সমস্যার সূত্রপাত
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এফএএর ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস দূরবর্তী একটি কেন্দ্রে অন্তত একটি নতুন রাউটার বসানোর পর সমস্যার সৃষ্টি হয়। নতুন রাউটার স্থাপনের ফলে অন্যান্য এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রে বিপুল পরিমাণ ডেটার চাপ তৈরি হয়। এতে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হয় এবং বিমান চলাচল বন্ধের নির্দেশ দিতে হয় এফএএকে।
রোববার ডাফি জানান, আরকানসাসের এল ডোরাডোতে এফএএর একটি স্থাপনায় রাউটার পরিবর্তনের ঘটনায় টেক্সাসের আমারিলোতে সম্প্রতি প্রতিস্থাপিত একটি রাউটারে সমস্যা দেখা দেয়। এর ফলে দেশের অন্যান্য এয়ার ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রের রাউটারগুলো অতিরিক্ত চাপের মুখে পড়ে।
প্রায় ৬০টি রাউটার নিষ্ক্রিয়
এফএএ জানিয়েছে, সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট রাউটারগুলোর কার্যকারিতা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। পাশাপাশি এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় থাকা একই ধরনের প্রায় ৬০টি রাউটারের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডাফি বলেন, রক্ষণাবেক্ষণকাজের সময় ঠিক কী কারণে সমস্যাটি তৈরি হয়েছিল, তা এফএএ এখনো নিশ্চিত হতে পারেনি। এ ধরনের কাজ এর আগেও হাজারবার কোনো সমস্যা ছাড়াই সম্পন্ন হয়েছে।

