অরবান সরকারের সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে বিপুল অর্থ উদ্ধার, রাষ্ট্রীয় কোষাগারে জমা
হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মন্ত্রিসভার এক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে গিয়ে বনের মাটির নিচে পুঁতে রাখা এবং বিভিন্ন গোপন স্থান থেকে ১৯.৫ মিলিয়ন ডলার সমমূল্যের নগদ অর্থ জব্দ করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। শুক্রবার সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত হাঙ্গেরির জাতীয় উন্নয়নমন্ত্রী ছিলেন মিক্লোস সেজতাক। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি প্রকল্পে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। ওই প্রকল্পে অতিরিক্ত দামে পুরোনো বাস কেনা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
অরবান আমলের দুর্নীতির তদন্ত জোরদার
অরবান সরকারের আমলের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের প্রতিশ্রুতি দিয়ে গত এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পান বর্তমান প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। এর মধ্য দিয়ে অরবানের টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটে।
গত কয়েক সপ্তাহে দুর্নীতির তদন্ত জোরদার হওয়ায় বিভিন্ন মামলায় সেজতাক, অরবান আমলের আরও দুই সাবেক মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর ভাইকে হেফাজতে নেওয়া হয়েছে।
মাগিয়ারের জবাবদিহি নিশ্চিতকরণ অভিযানের অংশ হিসেবে ব্যাপক ক্ষমতা নিয়ে গঠিত দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস (এনভিভিএইচ) জানিয়েছে, সেজতাকের বিরুদ্ধে চলমান ফৌজদারি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালানো হয়।
জঙ্গলের মাটির নিচে ও বিভিন্ন গোপন স্থানে অর্থ
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, তল্লাশির সময় তদন্তকারীরা বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছেন। এর মধ্যে কিছু অর্থ জঙ্গলের মাটির নিচে পুঁতে রাখা ছিল। কিছু লুকানো ছিল খামারবাড়ি, গুদামঘর ও আবাসিক ভবনে। বাকি অর্থ নির্জন স্থানে রাখা দামি সিন্দুকে সংরক্ষিত ছিল।
বিবৃতিতে আরও জানানো হয়, দুই দিনের তল্লাশিতে মোট ৫০০ কোটি ৭১ লাখ ফরিন্ট, ২৬ লাখ ৫৮ হাজার ইউরো ও ১২ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে এসব অর্থের মূল্য ১৯.৫ মিলিয়ন ডলার। উদ্ধার করা অর্থ হাঙ্গেরির রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
দেশটির অর্থমন্ত্রী আন্দ্রেজ কারমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, এসব অর্থ পাওয়ার পর কোষাগারের ১২ জন কর্মী পাঁচটি টাকা গণনার মেশিন ব্যবহার করে টানা আট ঘণ্টা ধরে সেগুলো গুনেছেন।
অরবানের সাবেক জোটকে নিশানা মাগিয়ারের
অর্থ উদ্ধারের ঘটনাকে অরবানের সাবেক ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিতকরণ অভিযানের অংশ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ফিদেজ-কেডিএনপি মাফিয়া যুগের অবসান ঘটল!’
তবে সর্বশেষ এই ঘটনার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে তাঁর ঘনিষ্ঠজনদের লক্ষ্য করে চালানো তদন্তকে তাঁকে কারাগারে পাঠানোর উদ্দেশ্যে ‘রাজনৈতিক নিপীড়ন’ বলে নিন্দা জানিয়েছিলেন অরবান।

