হামলার পর গ্যাস সরবরাহ বন্ধ, বিদ্যুৎ বিপর্যয় ঠেকাতে জলবিদ্যুৎকেন্দ্র চালুর উদ্যোগ
ইরাকের উত্তরাঞ্চলীয় আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সবচেয়ে বড় জ্বালানি স্থাপনা খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে। হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অঞ্চলটির বিদ্যুৎ উৎপাদন প্রায় ২ হাজার ৮০০ মেগাওয়াট কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে গ্যাসক্ষেত্রটিতে ড্রোন হামলার পর বিস্ফোরণ ঘটে। এতে আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের ভিডিও যাচাই
আল জাজিরার ফ্যাক্ট-চেকিং ও অনুসন্ধান সংস্থা সনদ ইরাকি স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ যাচাই করে জানিয়েছে, সুলাইমানিয়া প্রদেশের খোর মোর গ্যাসক্ষেত্রের ভেতরে তীব্র বিস্ফোরণের পর আগুন ও ধোঁয়া আকাশে উড়তে দেখা গেছে।
কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, একটি অজ্ঞাত ড্রোন দিয়ে গ্যাসক্ষেত্রটিতে সরাসরি আঘাত হানা হয়েছে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছেন কি না এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মাত্রা কত, তা এখনো স্পষ্ট নয়।
বিদ্যুৎ উৎপাদনে বড় ধাক্কার আশঙ্কা
কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ স্থানীয় সম্প্রচারমাধ্যম কুর্দিস্তান ২৪-কে বলেন, হামলার পর পাইপলাইনে গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন প্রায় ২ হাজার ৮০০ মেগাওয়াট কমে যেতে পারে।
তিনি বলেন, পুরো অঞ্চলে যাতে সম্পূর্ণ ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় না ঘটে, সে জন্য বিদ্যুৎ মন্ত্রণালয় বিকল্প ব্যবস্থা নিচ্ছে। ডোকান ও দারবান্দিখান বাঁধের জলবিদ্যুৎকেন্দ্রগুলো পুরোদমে চালু করা হচ্ছে। পাশাপাশি বিকল্প জ্বালানিচালিত বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে হাসপাতাল ও পানি শোধনাগারের মতো জরুরি স্থাপনাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
কুর্দিস্তানের বিদ্যুতের বড় উৎস খোর মোর
খোর মোর গ্যাসক্ষেত্রটি কুর্দিস্তান অঞ্চলের সবচেয়ে বড় কার্যকর প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। সুলাইমানিয়া প্রদেশের চামচামাল জেলায় অবস্থিত এ স্থাপনাটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডানা গ্যাস ও ক্রিসেন্ট পেট্রোলিয়ামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক কনসোর্টিয়াম পার্ল পেট্রোলিয়াম পরিচালনা করে।
কুর্দিস্তানের বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রায় ৮০ শতাংশ জ্বালানি গ্যাস এই গ্যাসক্ষেত্র থেকেই সরবরাহ করা হয়। ফলে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় অঞ্চলটির বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আগেও হামলার লক্ষ্য হয়েছে গ্যাসক্ষেত্রটি
কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্বের কারণে খোর মোর গ্যাসক্ষেত্রটি দীর্ঘদিন ধরেই ড্রোন ও রকেট হামলার লক্ষ্য হয়ে আসছে। ২০২৪ সালের ২৬ এপ্রিল একটি আত্মঘাতী ড্রোন হামলায় গ্যাসক্ষেত্রটির তরল গ্যাসের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় সেখানে কর্মরত চার ইয়েমেনি শ্রমিক নিহত হন। সে সময়ও বিদ্যুৎ সরবরাহ ৮০ শতাংশ কমে গিয়েছিল।
এ ছাড়া ২০২৪ সালের জানুয়ারি ও ২০২২ সালেও দফায় দফায় রকেট ও ড্রোন হামলায় গ্যাসক্ষেত্রটির সম্প্রসারণ প্রকল্প বাধাগ্রস্ত হয়। প্রকল্পটির লক্ষ্য ছিল দৈনিক ২৫ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানো।
হামলার দায় স্বীকার করেনি কেউ
এখন পর্যন্ত কোনো পক্ষ সর্বশেষ ড্রোন হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে অতীতে ইরাকের কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তা বিশ্লেষকেরা প্রতিবেশী কিরকুক ও সালাহউদ্দিন করিডরে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন।
বাগদাদ ও এরবিলের মধ্যে তেল-গ্যাসের রাজস্ব বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ, নিজস্ব জ্বালানি রপ্তানির প্রচেষ্টা এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তর ছায়াযুদ্ধের প্রেক্ষাপটে খোর মোর গ্যাসক্ষেত্রটি বারবার রাজনৈতিক ও সামরিক চাপের মুখে পড়ছে।

