জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের প্রাপ্য বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের কোনো করুণা বা অনুদানের প্রয়োজন নেই; বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
রোববার (২৫ অক্টোবর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘আজকের প্রজন্ম ফোরাম’ (এপিএফ) আয়োজিত ‘বাংলাদেশ অ্যাট কপ-৩১: ফ্রম ন্যাশনাল প্রায়োরিটিজ টু গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে ‘ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’।
চীফ হুইপ বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.৪৭ শতাংশ হলেও প্রায় ২০ কোটি মানুষের দেশটি জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির মুখে রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় সুপেয় পানির সংকট তৈরি হচ্ছে। এতে কৃষি ও মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, প্রতি বছর বন্যায় সাধারণ মানুষের ঘরবাড়ি, ধান, গবাদিপশু ও ভিটেমাটি পানিতে ভেসে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা জরুরি।
উন্নত দেশগুলোর ঐতিহাসিক কার্বন নিঃসরণের দায় বাংলাদেশের সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে উল্লেখ করে নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ কখনো বিশ্বে সংঘাত ছড়ায়নি বা অস্ত্র তৈরি করেনি। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতির বোঝা বহন করতে হচ্ছে দেশের সাধারণ জনগণকে।
তিনি আরও বলেন, জলবায়ু তহবিলের অর্থ পাওয়ার ক্ষেত্রে অযথা জটিলতা থাকা উচিত নয়। অর্থের যথাযথ ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সহায়তা যেন সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।
আসন্ন কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার এবং তরুণদের ঐক্যবদ্ধ দাবি আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান চীফ হুইপ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ইউনেস্কো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুসান ভাইজ, ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নেসহ আয়োজক সংগঠনের প্রতিনিধি, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

