মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

অর্থনৈতিক সংকট কমলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে: চিফ হুইপ

চিকিৎসাসেবার পাশাপাশি কর্মসংস্থান ও সামাজিক সহমর্মিতা বাড়ানোর আহ্বান; তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে

মানসিক সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসাসেবার পাশাপাশি দারিদ্র্য, বেকারত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মতো সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ অসহায় মানুষের অর্থনৈতিক দুশ্চিন্তা কমাতে সহায়ক হবে।

রোববার রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’।

সামাজিক ও অর্থনৈতিক সংকটের প্রভাব

চিফ হুইপ বলেন, দারিদ্র্য, বেকারত্ব, পারিবারিক টানাপোড়েন ও সামাজিক অবমূল্যায়ন মানুষের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। তাই মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, কর্মসংস্থান ও সামাজিক সহমর্মিতা বাড়াতে হবে।

তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে শুধু চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করলেই হবে না; পাশাপাশি তাঁদের দক্ষতা উন্নয়ন এবং স্বাবলম্বী হওয়ার সুযোগও নিশ্চিত করতে হবে।

তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ

নূরুল ইসলাম আরও বলেন, তরুণদের নিজেদের যোগ্য করে গড়ে তুলে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। একই সঙ্গে সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

সেমিনারে বিশেষজ্ঞদের বক্তব্য

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ও পরিচালক ডা. সাইফুন্নাহার সুমি, স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ড. ইকবাল মাসুদ, ড. নায়লা পারভীনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন