সমাজে শান্তিপূর্ণ ও স্বাচ্ছন্দ্যে চলাফেরা নিশ্চিত করতে পুলিশকে শক্তিশালী করার পাশাপাশি মানবিক ও বন্ধুসুলভ পুলিশ বাহিনী গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির বিপিএম।
তিনি বলেছেন, “পুলিশকে শক্তিশালী না করলে আমরা দিনে-রাতে কেউই সমাজে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না। বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ ও বন্ধুসুলভ পুলিশ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাগেরহাটে জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাগেরহাটের নতুন পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, বর্তমান সরকার পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সরকারের এসব উদ্যোগের ফলে পুলিশ বাহিনীর বিদ্যমান সমস্যাগুলো অচিরেই সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অর্থনৈতিক উন্নয়ন জরুরি। দেশে বেকারত্ব একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার এই সংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছেন। বেকারত্বসহ সামাজিক বিভিন্ন সমস্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মাদক নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে আইজিপি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে বাল্যবিবাহ, কিশোর গ্যাং, মাদক ও দুর্নীতিসহ ১৫টি সামাজিক সমস্যা সমাধানে কাজ করা সম্ভব। এ ক্ষেত্রে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কিশোর গ্যাং দমনে গৃহীত উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়ে কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে এ কমিটির কার্যক্রম ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হবে।
আইজিপি বলেন, এলাকার কোথায় মাদক সেবন হয়, কারা অপরাধে জড়িত কিংবা কোন এলাকায় অপরাধপ্রবণতা রয়েছে—এসব বিষয়ে স্থানীয় মানুষের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তাই অপরাধ প্রতিরোধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জনগণকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জনগণের সক্রিয় সহযোগিতা পাওয়া গেলে পুলিশ একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করতে পারবে।
সমাবেশ শেষে আইজিপি জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সেখানে তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

