বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

যেকোনো পন্থায় ক্ষমতায় আসতে চায় জামায়াত: এমপি খোকন তালুকদার

বাংলাদেশ জামায়াতে ইসলামী যেকোনো উপায়ে রাষ্ট্রক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তাঁর মতে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনেই দলটি ক্ষমতায় আসার সুযোগ হারিয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার এ. সি. নর্থ কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে চায়। তবে তাঁর কাছে রাজনৈতিক ক্ষমতার চেয়ে দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৮ কোটি মানুষের জীবনমান উন্নয়ন এবং তাঁদের ভালো রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, অন্য কোনো দল কী করছে, সেদিকে মনোযোগ না দিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা ও কল্যাণের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন।

এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ পারভেজ, অজয় কৃষ্ণ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

ছবি (বাসস)


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন