অনুসরণ করুন:
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মেয়েদের নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেয়েদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, বাংলাদেশের নারীরা জাতীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও নেতৃত্ব দেবে—এটাই সরকারের প্রত্যাশা। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেয়েদের খেলাধুলার সুযোগ ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মেয়েদের খেলাধুলায় আরও বড় অবদান রাখার সুযোগ তৈরি করতে হবে। দাবা, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেটসহ শিক্ষার্থীদের যে খেলায় আগ্রহ রয়েছে, সেসব ক্ষেত্রে তাদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের মেয়েরা প্রতিযোগিতা করবে এবং দেশের প্রতিনিধিত্ব করবে—এটাই লক্ষ্য।

তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে মাঠ, প্রশিক্ষণ, কোচিং বা প্রয়োজনীয় সরঞ্জামের কোনো ঘাটতি থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে তাঁর পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, নারী শিক্ষার্থীরা দেশের গর্ব। তারা যেন ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব আরও শক্তভাবে গ্রহণ করতে পারে, সেজন্য শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে তাদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও মানোন্নয়নে সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও ইতিবাচক সহযোগিতা প্রয়োজন। লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজকে আরও মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া কার্যক্রমের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে আমন্ত্রণ জানানো হলে শিক্ষার্থীদের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি রুনা লায়লা রুনা। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন