অনুসরণ করুন:
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

আনসারের তৎপরতায় কুমিল্লা ও মতিঝিলে হারিয়ে যাওয়া দুই শিশু উদ্ধার

একই দিনে দেশের দুই প্রান্তে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। কুমিল্লার চান্দিনা ও রাজধানীর মতিঝিলে পৃথক ঘটনায় শিশু দুটিকে উদ্ধার করা হয়।

প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দাঁতের চিকিৎসার জন্য হাসপাতালে আসা হালিমা খাতুনের অসাবধানতায় তার পাঁচ বছর বয়সী ছেলে আঃ রহমান হোসেন হারিয়ে যায়।

হাসপাতালের গেটের সামনে শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেন। পরে হাসপাতাল এলাকায় মাইকিং করে শিশুটির পরিচয় ও স্বজনদের সন্ধান করা হয়। প্রায় এক ঘণ্টার মধ্যে মুরাদনগর সংলগ্ন সাতবাড়িয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আঃ রহমানের মায়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। পরে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

অন্য ঘটনাটি ঘটে বিকেল ৩টার দিকে রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন থেকে নামার পর সাত বছর বয়সী মো. তামিমকে একা ছোটাছুটি ও কান্না করতে দেখেন সেখানে দায়িত্ব পালনরত এপিসি মো. রোকনুজ্জামান।

শিশুটি নিজের ঠিকানা কিংবা বাবা-মায়ের মোবাইল নম্বর বলতে না পারায় এপিসি রোকনুজ্জামান বিষয়টি দ্রুত স্টেশন কন্ট্রোলারকে জানান। পরে স্টেশনজুড়ে মাইকিং করা হয় এবং বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া শুরু হয়।

একপর্যায়ে শিশুটির বাবা সুজন মিয়া ও মা তাসলিমাকে শনাক্ত করা হয়। পরে স্টেশন কর্মকর্তা ও এমআরটি পুলিশের ইনচার্জের উপস্থিতিতে যথাযথ যাচাই-বাছাই শেষে শিশু তামিমকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া সন্তানদের নিরাপদে ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দুই শিশুর অভিভাবকরা।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, জনসাধারণের নিরাপত্তা ও সেবায় দায়িত্ব পালনকালে সদস্যদের তৎপরতা, দায়িত্ববোধ ও মানবিক উদ্যোগের এমন ঘটনাগুলো মানুষের আস্থা তৈরিতে ভূমিকা রাখছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন