দাপ্তরিক ও প্রশাসনিক কাজে দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৫৩ কর্মকর্তা-কর্মচারীকে ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিলনায়তনে আয়োজিত ‘ইনসিগনিয়া ও প্রশংসাপত্র প্রদান’ অনুষ্ঠানে নির্বাচিত কর্মকর্তা-কর্মচারীদের হাতে এসব সম্মাননা তুলে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে মহাপরিচালক উপস্থিত হলে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি তাঁকে সশ্রদ্ধ অভিবাদন জানান। পরে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন লিডার ক্বারী মো. কুদরত উল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। পরে মহাপরিচালক নির্বাচিত ৫৩ কর্মকর্তা-কর্মচারীর হাতে পর্যায়ক্রমে ‘মহাপরিচালকের প্রশংসা’ লেখা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি এবং উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন। তিনি মহাপরিচালককে ধন্যবাদ জানান এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল তাঁর দায়িত্বকালীন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও গৃহীত প্রকল্পের বিষয়ে আলোকপাত করেন। তিনি দাপ্তরিক কাজে দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ অধিদপ্তর ও ট্রেনিং কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

