শনিবার, ৩ অক্টোবর ২০২৬

ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীর দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বৃক্ষরোপণ ও নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন।

প্রকল্পটির মূল লক্ষ্য ফেনীর বন্যাপ্রবণ এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং সেচসুবিধা উন্নত করা। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন করা হবে। পাশাপাশি ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী, কহুয়া ও সংশ্লিষ্ট নদী-জলাধার এলাকার বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি কমানোর পাশাপাশি নদীতীর সুরক্ষা এবং সেচব্যবস্থার উন্নয়নের সুযোগ তৈরি হবে। এর ফলে কৃষিকাজ ও স্থানীয় পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চলতি বছরের ১৬ জুন অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ফেনী সফরের অংশ হিসেবে প্রকল্প উদ্বোধনের পর আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ফুলগাজীতে বৃক্ষরোপণ এবং সরকারি স্থাপনার ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন রয়েছে। পাশাপাশি কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ফেনীর বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন