পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চান পার্বত্য মন্ত্রী।
বৈঠকে দুই মন্ত্রীর মধ্যে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দুই মন্ত্রণালয়ের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য অঞ্চলে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
পার্বত্য এলাকার যোগাযোগ ব্যবস্থার বর্তমান চিত্র ও চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, দুর্গম অঞ্চলের অনেক রাস্তা এখনো কাঁচা ও মাটির তৈরি। ফলে বর্ষা ও বৃষ্টির সময় এসব সড়কে চলাচল করতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী। তাঁদের চলাচলের সুবিধা নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
পার্বত্য মন্ত্রীর উদ্যোগ ও প্রস্তাবকে স্বাগত জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, পাহাড়ি ও সমতল—উভয় অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।
সৌজন্য সাক্ষাতে পার্বত্য অঞ্চলের যোগাযোগ ও জনসেবা অবকাঠামোর উন্নয়নে আন্তমন্ত্রণালয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

