অনুসরণ করুন:
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় রোসাটমের মহাপরিচালকের সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্বরান্বিত করে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া। এ লক্ষ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্বরান্বিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মতি প্রকাশ করে।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড অনুসরণ এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ রূপপুর প্রকল্প বাস্তবায়নে রোসাটমের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠক শেষে বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় হয়।

দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফল ও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দুই পক্ষের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন