অনুসরণ করুন:
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় সন্ত্রাস-কিশোর গ্যাং ও মাদক বরদাশত করা হবে না: পুলিশ সুপার

নওগাঁর মান্দায় সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও দস্যুতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেছেন, এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মান্দা উপজেলার তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘মান্দা থানা এলাকায় সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও দস্যুতা কোনোভাবেই বরদাশত করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে।’

অপরাধ ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম।

সভায় কিশোর অপরাধ প্রতিরোধের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে পুলিশ ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ সময় মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন