মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় অবৈধ সার মজুতের বিরুদ্ধে অভিযান: ২১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে রাখার অভিযোগে অভিযান চালিয়ে ২১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এ ঘটনায় এমদাদুল হক এন্তাজ নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার উড়িয়া ইউনিয়নের হাজিরহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
প্রশাসন সূত্রে জানা যায়, ব্যবসায়ী এমদাদুল হক এন্তাজের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৫০ কেজি ওজনের ১৪ বস্তা টিএসপি সার এবং ৭ বস্তা পটাশ সার উদ্ধার করা হয়। পরে কৃষি উপকরণ অবৈধভাবে মজুত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় জব্দকৃত সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদসহ কৃষি বিভাগ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ বলেন, “কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন