মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশ, দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

বাংলাদেশের কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সূচনা হচ্ছে মঙ্গলবার। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে চার দশক পর আবারও জাতিসংঘের সবচেয়ে প্রতিনিধিত্বশীল ফোরামটির সভাপতির দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ড. খলিলুর রহমান। এক বছর মেয়াদে তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০২৬ শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত। বিশ্বের ১৯৩টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান নীতিনির্ধারণী অঙ্গগুলোর একটি। প্রতিটি সদস্যরাষ্ট্র এখানে সমানভাবে একটি করে ভোট দেওয়ার অধিকার রাখে।

রাত ৯টায় আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

কর্মসূচি অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি এবং ৮১তম অধিবেশনের নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

এর আগে রাত ৮টা ৪৫ মিনিটে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ড. খলিলুর রহমানের। সেখানে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী এক বছরে তাঁর অগ্রাধিকার ও অধিবেশন পরিচালনার দৃষ্টিভঙ্গি তুলে ধরার কথা রয়েছে।

দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন তিনি। জাতিসংঘ জানিয়েছে, নিউইয়র্ক সময় মঙ্গলবার বিকেল ৩টায় ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন খলিলুর রহমান

গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। তিনি পান ৯৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকুরিস পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোট পড়ে এবং কোনো ভোট বাতিল হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনের জন্য সভাপতি নির্বাচনের পালা ছিল এশিয়া-প্যাসিফিক গ্রুপের। সেই প্রক্রিয়াতেই বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন খলিলুর রহমান।

চার দশক পর আবার সভাপতির আসনে বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে এটি বাংলাদেশের দ্বিতীয় প্রতিনিধিত্ব। এর আগে ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। ফলে প্রায় চার দশক পর আবারও এ দায়িত্বে বাংলাদেশের একজন কূটনীতিক আসছেন।

ড. খলিলুর রহমানের সভাপতিত্বের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘Restoring Trust, Managing Transformation: A United Nations that Delivers for All’। অর্থাৎ আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব থাকবে এবারের অধিবেশনে।

ছয় ক্ষেত্রে অগ্রাধিকার

সভাপতি নির্বাচিত হওয়ার পর ড. খলিলুর রহমান তাঁর মেয়াদে ছয়টি বৃহৎ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিলেন। এগুলো হলো—শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গতি আনা, জলবায়ু কার্যক্রম ও পরিবেশ সুরক্ষা, মানবাধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান প্রযুক্তির সুশাসন এবং জাতিসংঘের সংস্কার।

বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমের অভিজ্ঞতার আলোকে প্রতিরোধমূলক কূটনীতি, শান্তি বিনির্মাণ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায়ও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি আস্থা পুনর্গঠন এবং বিভক্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতার ক্ষেত্র তৈরির প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশের এই কূটনীতিক।

গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব

ড. খলিলুর রহমান এমন এক সময়ে সাধারণ পরিষদের নেতৃত্ব নিচ্ছেন, যখন বিশ্বজুড়ে চলমান সংঘাত, ভূরাজনৈতিক বিভাজন, জলবায়ু সংকট, বৈষম্য, উন্নয়ন অর্থায়নের ঘাটতি এবং জাতিসংঘ সংস্কার নিয়ে আন্তর্জাতিক পরিসরে ব্যাপক আলোচনা চলছে।

তাঁর এক বছরের মেয়াদেই জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়াও এগিয়ে যাবে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। ফলে ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব আন্তর্জাতিক কূটনীতির দিক থেকেও বিশেষ তাৎপর্য বহন করবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেখানে বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানরা আন্তর্জাতিক বিভিন্ন সংকট ও নিজ নিজ দেশের অগ্রাধিকার তুলে ধরবেন। ওই উচ্চপর্যায়ের অধিবেশনেও সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন