অনুসরণ করুন:
শনিবার, ৮ আগস্ট ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান পুলিশের

ঢাকা, ৭ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর অভিযোগ তুলে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে পুলিশ ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে বানোয়াট, উসকানিমূলক এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অপপ্রচারের উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, পুলিশ বাহিনীর মনোবল ক্ষুণ্ন করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা। পুলিশের দাবি, বর্তমানে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন অনৈতিক তদবির আমলে না নেওয়ায় অসন্তুষ্ট একটি মহল এ ধরনের প্রচারণায় জড়িত রয়েছে।

পুলিশ আরও জানায়, অপপ্রচারে জড়িত কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি অপরাধে অভিযোগ রয়েছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য সরকারি দপ্তরে অনৈতিক তদবির এবং অপপ্রচার বন্ধ রাখার শর্তে অর্থ দাবির মতো কর্মকাণ্ডেরও তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস, শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে গুজব ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, জনগণের আস্থা বজায় রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ কাজে অপপ্রচার যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য জনগণের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন