অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

শহীদ পরিবার ও গুরুতর আহত জুলাই যোদ্ধাদের জন্য আবাসন প্রকল্প শুরু সেপ্টেম্বরে: গণপূর্ত প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং গুরুতর আহত যোদ্ধাদের জন্য স্থায়ী আবাসনের লক্ষ্যে একটি বিশেষ আবাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জানান, আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রকল্পের কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় ১৪টি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। নির্মাণকাজ শুরু হওয়ার পর সর্বোচ্চ তিন বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব ভবনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের জন্য ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।

তিনি বলেন, রাজধানীতে স্থায়ী আবাসনের সুযোগ সংশ্লিষ্ট পরিবারগুলোর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর মতে, এটি কেবল একটি আবাসন প্রকল্প নয়; বরং রাষ্ট্রের পক্ষ থেকে আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক।

সরকার ইতোমধ্যে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য ভাতা, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচি পরিচালনা করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আবাসন প্রকল্প সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি নতুন সংযোজন।

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, এ আন্দোলন দীর্ঘদিনের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতার অংশ। তাঁর ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সময়ের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচনব্যবস্থা নিয়ে বিতর্ক এবং কোটা সংস্কার আন্দোলনের মতো ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জনঅসন্তোষ বৃদ্ধি পায়, যা শেষ পর্যন্ত ছাত্র-জনতার অংশগ্রহণে বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয়।

তিনি আরও বলেন, সরকার জুলাই সনদে উল্লিখিত অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, গেজেটভুক্ত শহীদ ও গুরুতর আহতদের জন্য সরকারি সহায়তা কর্মসূচি অব্যাহত রয়েছে। তাঁদের পরিবার যেন নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থিতিশীল জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যেই আবাসন প্রকল্পসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন