অনুসরণ করুন:
বুধবার, ২৯ জুলাই ২০২৬

জাপানের আরও বিনিয়োগ ও দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি জাপানি ভাষায় প্রশিক্ষিত বাংলাদেশি স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে জাপানকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি জাপানি কোম্পানিগুলোকে দেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিষ্ঠিত শিল্পপার্কের আদলে জাপান চাইলে দেশের অন্য কোনো অঞ্চলেও নতুন শিল্পপার্ক স্থাপনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বস্ত করেন।

তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে যৌথ উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশের মানবসম্পদকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে জাপানের সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, কৃষিখাতের শ্রমিক এবং পেশাদার চালকদের জাপানের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে।

বৈঠকে অবকাঠামো উন্নয়নেও দুই দেশের চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়। আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন, চলমান ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জাপানের পক্ষে দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান চলাচলবিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো, জাপানের সিভিল এভিয়েশন ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বৈঠকে অংশ নেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-জাপান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার পাশাপাশি বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন