অনুসরণ করুন:
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

দায়িত্বশীল সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজের জন্য অপরিহার্য: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম একটি রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকতার মূল দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা, যাতে রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হতে পারে।

সোমবার বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক ও সভ্য সমাজে সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকরা নিয়মিতভাবে সমাজের নানা দিক তুলে ধরেন বলেই রাষ্ট্র নিজের কার্যক্রম মূল্যায়নের সুযোগ পায়। তিনি মনে করেন, এই দায়িত্বশীল ভূমিকাই সাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।

তিনি বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তির বিস্তারের কারণে বিপুল পরিমাণ তথ্যের ভিড়ে সত্য ও নির্ভুল তথ্য শনাক্ত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তথ্য যাচাই এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যদি ব্যক্তিস্বার্থ বা অনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করেন, তবে তা প্রকৃত সাংবাদিকতার চেতনার পরিপন্থী। দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের পার্থক্য স্পষ্ট করতে সাংবাদিক সমাজেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা, যেখানে আর্থিক লাভের চেয়ে জনস্বার্থ, নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতার গুরুত্ব বেশি। এই পেশায় নিয়োজিতদের প্রতি তিনি শ্রদ্ধা জানান এবং গণমাধ্যমকে শক্তিশালী করতে রাষ্ট্র, সমাজ ও সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে ডেটা জার্নালিজম, ভিডিও জার্নালিজম এবং অডিওভিত্তিক সাংবাদিকতার প্রসার ঘটছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকদের নিজেদের আরও সক্ষম করে তুলতে হবে।

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সদস্য কাওছার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বারী।

অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এর আগে তিনি বরিশালের চরকাউয়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন