অনুসরণ করুন:
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের চলমান প্রক্রিয়ায় সংবাদপত্রের সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি জনস্বার্থে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও দায়িত্বশীলভাবে তুলে ধরার আহ্বান জানান।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বৈঠকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ লক্ষ্যে সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়নের কাজে সম্পাদকদের অভিজ্ঞতা ও মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সরকারের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করে। একই সঙ্গে উন্নয়ন, জনকল্যাণমূলক উদ্যোগ এবং ইতিবাচক কর্মকাণ্ডও বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।

বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন