অনুসরণ করুন:
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাজবাড়ীতে ট্রেন-বাস সংঘর্ষ, দুইজনের মৃত্যু

রাজবাড়ীর খানখানপুর রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আটজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া ফোনকলের ভিত্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তথ্য অনুযায়ী, রোববার (২৬ জুলাই) রাত প্রায় ৯টার দিকে রাজবাড়ী সদর থানার খানখানপুর রেলগেট এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন রাজবাড়ীর দিকে যাওয়ার সময় ফরিদপুর থেকে গোয়ালন্দঘাটগামী খুলনা মেট্রো-ব-১১-০২৬৯ নম্বরের ‘আনন্দ ক্লাসিক’ বাসটির সঙ্গে রেলক্রসিংয়ে সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার পর বাসের ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েছেন বলে তিনি জানান এবং দ্রুত উদ্ধার সহায়তা চান।

খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে রাজবাড়ী সদর থানা ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল রুবেল আলী। আর পুরো ঘটনার সমন্বয় ও তদারকি করেন ৯৯৯ পুলিশ ডিসপ্যাচার মো. মিজানুর রহমান।

পরে রাজবাড়ী সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আটজন আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন আব্দুল মালেক (৪৫), পিতা: মঈন উদ্দিন, গ্রাম: শামুকখোলা ইসলামপাড়া, থানা: বালিয়াকান্দি, জেলা: রাজবাড়ী এবং মনোয়ার হোসেন (৫০), পিতা: মৃত মতিন পাটোয়ারী, গ্রাম: ব্যারাকপাড়া, থানা ও জেলা: রাজবাড়ী।

দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন