অনুসরণ করুন:
রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ‘জিরো টলারেন্স’, রাজনৈতিক মামলা প্রত্যাহার চূড়ান্ত পর্যায়ে: আইনমন্ত্রী

রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার’ শীর্ষক এক পরামর্শ সভায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে এবং তা প্রায় শূন্যের পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে গুমের অভিযোগের ক্ষেত্রেও সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে তিনি জানান।

শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, বিচারবহির্ভূত হত্যা ও গুমের মতো অভিযোগের বিষয়ে সরকার কোনো ধরনের ছাড় দিচ্ছে না। গুমের একটি অভিযোগ সামনে আসার পর সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের বিচারক হিসেবে নিয়োগ নিশ্চিত করা গেলে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে। বিচারকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার বিষয়ে আইনমন্ত্রী জানান, এ ধরনের মামলা প্রত্যাহারের প্রক্রিয়ায় সরকার কাজ করছে এবং বিষয়টি এখন চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে কিছু সময় প্রয়োজন হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই সময়সীমা এখনও রয়েছে, তাই এ মুহূর্তে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন দেখা দেয়নি। তিনি আশা প্রকাশ করেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত পরবর্তী সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি সম্পন্ন করা সম্ভব হবে।

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সময়ই চূড়ান্ত উত্তর দেবে।

মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর উদ্যোগে আয়োজিত এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. তাসনীম সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন