রবিবার, ৭ জুন ২০২৬

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই সঙ্গে দায়িত্ব পালনে গাফিলতি বা অন্যায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রোববার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, অপরাধ দমনে পুলিশ সদস্যদের ভালো কাজের যথাযথ মূল্যায়ন করা হবে। পাশাপাশি কোনো সদস্যের নিষ্ক্রিয়তা, অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার বিষয়েও কঠোর অবস্থান বজায় থাকবে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলাসহ বেশ কয়েকটি জটিল মামলার তদন্ত দ্রুত সম্পন্ন এবং আসামি গ্রেফতারে পুলিশ বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। এ ধরনের সাফল্যের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে।

রামিসা হত্যা মামলার রায়কে দেশের বিচারিক ও তদন্ত ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত স্বল্প সময়ে ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত, তদন্ত ও চার্জশিট দাখিলের কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিচারক, কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের ছুটিও বাতিল করেছেন, যা রাষ্ট্রীয় দায়িত্ববোধের অনন্য উদাহরণ।

রায়ের কার্যকারিতা দ্রুত নিশ্চিত করার বিষয়ে তিনি জানান, মামলার গুরুত্ব ও বর্বরতা বিবেচনায় ডেথ রেফারেন্স শুনানির বিষয়টি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনার জন্য সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বিচক্ষণতা ও তৎপরতার কারণে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কিশোরী হত্যা মামলার দ্রুত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতার করতেও পুলিশ সফল হয়েছে।

আগামী ৮ জুন থেকে ভারতের নয়াদিল্লি শহরে শুরু হতে যাওয়া বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সীমান্তে অবৈধ পুশ-ইন, সীমান্ত হত্যা এবং অন্যান্য নিরাপত্তা ইস্যু বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হবে। তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে প্রস্তুত।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে কৌশলগত কারণে বিশেষ অভিযানের তথ্য আগাম প্রকাশ করা হয় না। একই সঙ্গে অপরাধীরা যেন আইনের ফাঁকফোকর ব্যবহার করে শাস্তি এড়াতে না পারে, সে লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া প্রতিরোধে যুগোপযোগী এবং আধুনিক আইন প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় আইন সংস্কার সম্পন্ন হলে অপরাধীদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কঠোর শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন