রবিবার, ২৩ আগস্ট ২০২৬

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ঢামেকে মানববন্ধন, তিন দফা দাবি

সারাদেশে চিকিৎসকদের ওপর ধারাবাহিক হামলা, লাঞ্ছনা ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। কর্মসূচি থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে তিন দফা দাবি জানানো হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন পর্যায়ের শতাধিক চিকিৎসক ও সংগঠনের নেতারা অংশ নেন।

কর্মসূচি থেকে উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—চিকিৎসকদের ওপর সংঘটিত প্রতিটি হামলা ও নিপীড়নের ঘটনায় অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক নিরাপত্তায় কার্যকর ও বাধ্যতামূলক ‘জাতীয় সুরক্ষা নীতিমালা’ প্রণয়ন এবং দেশের সরকারি-বেসরকারি সব হাসপাতালকে চিকিৎসকদের জন্য শতভাগ নিরাপদ কর্মস্থলে পরিণত করা।

মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক বা জাতীয় দুর্যোগে চিকিৎসকেরা জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অথচ তাঁদেরই বারবার অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হতে হচ্ছে।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে হাসপাতালগুলোতে দুর্নীতি ও অনিয়মের কারণে বর্তমানে চিকিৎসাসামগ্রীর সংকট তৈরি হয়েছে এবং এর প্রভাব চিকিৎসাসেবার ওপর পড়ছে।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে চিকিৎসকদের ওপর হামলা চালাচ্ছে। এসব ঘটনা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

কর্মসূচিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, কোনো চিকিৎসকই রোগীর ক্ষতি চান না; বরং তাঁরা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করেন।

চিকিৎসকদের ওপর সাম্প্রতিক হামলাগুলোকে পরিকল্পিত দাবি করে তিনি বলেন, একটি গোষ্ঠী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, চিকিৎসকদের নিরাপত্তায় অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে কোনো চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটলে চিকিৎসকেরা আর নীরব থাকবেন না বলেও সতর্ক করেন তিনি।

মানববন্ধনে অংশ নেওয়া অন্য চিকিৎসক নেতারাও কর্মস্থল ও কর্মস্থলের বাইরে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, একের পর এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটলেও কার্যকর প্রতিকার দৃশ্যমান হচ্ছে না।

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তাঁরা।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং বিভিন্ন চিকিৎসক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন