অনুসরণ করুন:
শনিবার, ৮ আগস্ট ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ চলছে: পানিসম্পদমন্ত্রী

সাভার, ৭ আগস্ট: দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পদ্মা ব্যারাজ প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পের বাস্তব অগ্রগতি অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত সরকার বাস্তবায়নের পথে এগিয়ে নিচ্ছে। এ দুটি প্রকল্প দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, প্রকল্পটি দীর্ঘদিন আলোচনায় থাকলেও অতীতে প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি প্রস্তুতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণের প্রত্যাশা ও নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন হলে তিস্তা অববাহিকার মানুষের জীবনমান উন্নয়ন, আঞ্চলিক উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে প্রকল্পটির বাস্তবায়ন দৃশ্যমানভাবে এগিয়ে নেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের জন্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন